সকল খবর ময়মনসিংহের খবর

বিশ্ব বসতি দিবসে মউকের প্রত্যয়: পরিকল্পিত নগরায়ণে বদলাবে ময়মনসিংহ

স্টাফ রিপোর্টার; অনিন্দ্যবাংলা।।

প্রকাশ : ৫-১০-২০২৬ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১২২

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস ২০২৬ পালিত হয়েছে। বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত এ আয়োজনে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পরিকল্পিত নগরায়ণ, সুশৃঙ্খল ভূমি ব্যবহার এবং বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তোলার প্রত্যয়।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে সোমবার সকালে নগরীর কাচিঝুলি এলাকার প্রধান সড়কে র‌্যালির আয়োজন করে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) ও গণপূর্ত বিভাগ। র‌্যালিতে প্রশাসন, উন্নয়ন কর্তৃপক্ষ, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন অংশ নেন।

র‌্যালি শেষে ময়মনসিংহ গণপূর্ত কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

ভবন অনুমোদনে আসছে শৃঙ্খলা, সমন্বিত উদ্যোগে বাসযোগ্য ময়মনসিংহ গড়ার আহ্বান

সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, সিটি করপোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় ও আলোচনার মাধ্যমে একটি সুন্দর, পরিকল্পিত ও বসবাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব। নতুন প্রজন্মের জন্য ময়মনসিংহকে নতুনভাবে সাজানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, দীর্ঘদিনের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে নগরীর পরিবেশ ও নাগরিক ব্যবস্থাপনায় নানা সমস্যা তৈরি হয়েছে। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর থেকে পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, ভবন নির্মাণে নির্ধারিত নীতিমালা অনুসরণ নিশ্চিত করাই হবে উন্নয়ন কর্তৃপক্ষের অন্যতম প্রধান দায়িত্ব। নিয়ম মেনে নগর উন্নয়ন ও ভবন নির্মাণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।


মউক চেয়ারম্যান জানান, বিসি (Building Construction) কমিটির সভা শেষে প্রথমবারের মতো ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণের অনুমোদন প্রদান করবে। এর মাধ্যমে নগরীতে ভবন নির্মাণ ও উন্নয়ন কার্যক্রমে পরিকল্পনা, নীতিমালা ও অনুমোদন প্রক্রিয়ার প্রাতিষ্ঠানিক কাঠামো আরও সুস্পষ্ট হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি বাসযোগ্য নগরী শুধু ভবন নির্মাণের মাধ্যমে গড়ে ওঠে না। এর জন্য প্রয়োজন সঠিক ভূমি ব্যবহার, পরিকল্পিত আবাসন, সড়ক ও যোগাযোগব্যবস্থা, পর্যাপ্ত উন্মুক্ত স্থান, জলাধার সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং নাগরিক সেবার সমন্বিত পরিকল্পনা।

ময়মনসিংহের ক্রমবর্ধমান নগরায়ণের প্রেক্ষাপটে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকার সুষ্ঠু বিন্যাস এবং ভবিষ্যৎ নগর সম্প্রসারণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।

বক্তারা মনে করেন, নগর উন্নয়নে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় থাকলে নগরীর ভূমি ব্যবহার ও উন্নয়ন কার্যক্রমে আরও শৃঙ্খলা আনা সম্ভব।

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাছুম প্রধান, তথ্য পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুকু, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন ও ব্যবসায়ী নেতা মনসুর আলম চন্দনসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব বসতি দিবসের অঙ্গীকার শুধু একটি দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। পরিকল্পিত ভূমি ব্যবহার, নিয়মতান্ত্রিক ভবন নির্মাণ, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করার মধ্য দিয়েই ময়মনসিংহকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

বিশ্ব বসতি দিবসের এবারের আয়োজন তাই ময়মনসিংহের জন্য শুধু আনুষ্ঠানিক উদযাপন নয়; বরং পরিকল্পিত নগরায়ণের পথে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক যাত্রাকে আরও দৃশ্যমান করার একটি বার্তাও হয়ে উঠেছে।