সকল খবর দেশের খবর

৫ আগস্ট সংসদে লুকিয়েছিলেন শীর্ষ ১২ নেতা!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৩-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫৪০৬

আওয়ামী লীগ সরকারের পতনের দিন, গত ৫ আগস্ট সকাল থেকে গভীর রাত পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি নির্জন কক্ষে আশ্রয় নিয়েছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ১২ জন। বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত এক শুনানিতে এসব তথ্য তুলে ধরেন পলক নিজেই।

তিনি আদালতে বলেন, "৫ আগস্ট আমরা নিরাপত্তার অভাবে সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়ে থাকতে বাধ্য হই। পরে সেনাবাহিনী এসে আমাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।"

শুনানিকালে পলক দাবি করেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক। তিনি বলেন, "আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক, আমি কোনো অপরাধে জড়িত নই।"

শুনানি শেষে আদালত রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় পলকের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত বছরের ১৫ আগস্ট জুনাইদ আহমেদ পলককে প্রথম গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন সময় তাকে হত্যা ও হত্যাচেষ্টা সংক্রান্ত মামলাগুলোর রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সর্বশেষ, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ওই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।