সকল খবর দেশের খবর

দেশব্যাপী ভূমি প্রশাসনে GPMS টিম গঠনের নির্দেশনা, ৩০ মার্চের মধ্যে বাস্তবায়নের তাগিদ

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৬-৩-২০২৬ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০০৫

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ ব্যবস্থা GPMS (Governance Performance Monitoring System) কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর, সংস্থা এবং মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে GPMS টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৩০ মার্চ ২০২৬ এর মধ্যে এসব টিম গঠন করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের বাজেট ও অডিট শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়ন, তদারকি ও মূল্যায়নের জন্য প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের অধীনস্থ দপ্তর ও সংস্থায় পৃথক GPMS টিম গঠন করতে হবে।

স্মারকে উল্লেখ করা হয়, মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগীয়, আঞ্চলিক, জেলা এবং উপজেলা পর্যায়ের অফিসগুলোতেও এই টিম গঠন করতে হবে। টিমের সদস্যদের নির্দিষ্ট দায়িত্ব ও কার্যপরিধি নির্ধারণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, দপ্তর বা সংস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া একজন বিকল্প টিম লিডার, বিভিন্ন শাখা থেকে প্রতিনিধি সদস্য, আইসিটি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করে টিম গঠন করা হবে।

এই টিমের প্রধান দায়িত্বের মধ্যে থাকবে তিন বছর মেয়াদি পরিকল্পনা প্রণয়ন, বার্ষিক কর্মসম্পাদন পরিকল্পনা তৈরি, অগ্রগতি পর্যালোচনা, ত্রৈমাসিক প্রতিবেদন প্রস্তুত, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন এবং বার্ষিক স্বমূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত করা।
মাঠ পর্যায়ের বিভাগীয়, জেলা ও উপজেলা অফিসগুলোতেও একই কাঠামো অনুযায়ী টিম গঠন করে কর্মসম্পাদন পরিকল্পনা বাস্তবায়ন, অগ্রগতি প্রতিবেদন প্রেরণ এবং কার্যক্রমের প্রমাণ সংরক্ষণের দায়িত্ব পালন করতে হবে।

ভূমি মন্ত্রণালয় আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে সরকারি কার্যক্রমের পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়ন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে এবং মাঠ প্রশাসনের কর্মসম্পাদন পর্যবেক্ষণ আরও কার্যকরভাবে পরিচালিত করা সম্ভব হবে।