সকল খবর দেশের খবর

ময়মনসিংহে নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন, ১১ বিজয়ীর হাতে ফলাফলের কপি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ১৩-২-২০২৬ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ১১টি আসনে নির্বাচিত সংসদ সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফলের কপি হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান নবনির্বাচিতদের হাতে এই ফলাফলের কাগজ তুলে দেন।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারি ফলাফল অনুযায়ী ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল বিজয়ী হয়েছেন। ময়মনসিংহ–২ (তারাকান্দা–ফুলপুর) আসন থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদুল্লাহ। ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

জেলার গুরুত্বপূর্ণ আসন ময়মনসিংহ–৪ (সদর) থেকে বিজয়ী হয়েছেন বিএনপির আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। ময়মনসিংহ–৫ (মুক্তাগাছা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয় পেয়েছেন বিএনপির জাকির হোসেন বাবলু।

অন্যদিকে ময়মনসিংহ–৬ (ফুলবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল হাসান নির্বাচিত হন। ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনে বিএনপির ডা. মাহাবুবুর রহমান লিটন বিজয় অর্জন করেন। ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ।

এছাড়া ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনে বিএনপির ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ–১০ (গফরগাঁও–পাগলা) আসনে বিএনপির মোহাম্মদ আখতারুজ্জামান, এবং ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে বিএনপির ফখর উদ্দিন আহমেদ বাচ্চু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ফলাফল হস্তান্তর অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আসায় তাদের অভিনন্দন জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নবনির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

এর মাধ্যমে ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো।