সকল খবর ময়মনসিংহের খবর

টাইব্রেকারের রোমাঞ্চে নান্দাইলকে হারিয়ে ধোবাউড়া চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২-১০-২০২৬ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮৫

অনিন্দ্যবাংলা ডেস্ক : ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শিরোপা জিতেছে ধোবাউড়া উপজেলা নারী ফুটবল দল। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে নান্দাইল উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধোবাউড়া।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় জেলার ১৪টি নারী দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা।

নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে নান্দাইলকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে ধোবাউড়া। ফাইনাল ঘিরে হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম পরিণত হয় উৎসবমুখর ক্রীড়াঙ্গনে। খেলোয়াড়দের নৈপুণ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এবং দর্শকদের উচ্ছ্বাসে ম্যাচটি হয়ে ওঠে স্মরণীয়।

ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ধোবাউড়া ও রানার্সআপ নান্দাইল দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। বেলুন উড়িয়ে জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিযোগিতায় জেলার ১৪টি নারী দল অংশ নেয়।
আয়োজকদের মতে, এই টুর্নামেন্ট শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়; বরং নারী খেলোয়াড়দের প্রতিভা বিকাশ, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং পরিবার ও সমাজে নারী ক্রীড়াবিদদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
টুর্নামেন্ট সফল করতে সহযোগিতার জন্য জেলা ক্রীড়া সংস্থা, সাংবাদিক, মেডিকেল টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।

ধোবাউড়ার শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলেও এই আয়োজন জেলার নারী ফুটবলে নতুন সম্ভাবনা ও আগ্রহ সৃষ্টির বার্তা দিয়ে গেল। মাঠের লড়াইয়ে ১৪ দলের অংশগ্রহণ প্রমাণ করেছে, সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে নারী ফুটবলও হতে পারে ময়মনসিংহের ক্রীড়াঙ্গনের অন্যতম শক্তিশালী পরিচয়।