সকল খবর দেশের খবর

চেয়ারম্যান স্বপদে বহাল, ইউএনও প্রত্যাহার- নেত্রকোনায় প্রশাসনিক ঘটনায় নতুন মোড়

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২-৩-২০২৬ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০০৫

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়া আদালতের রায়ের মাধ্যমে আবারও স্বপদে ফিরেছেন। একই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় জেলায় প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রোববার (১ মার্চ) নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার স্বাক্ষরিত এক আদেশে চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়াকে পুনরায় দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়। একই দিনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কলমাকান্দা উপজেলার ইউএনও মাসুদুর রহমানকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, লেংগুরা বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধ মার্কেট নির্মাণের অভিযোগ ওঠে চেয়ারম্যানের ভাই মো. পারভেজসহ কয়েকজনের বিরুদ্ধে। এ অভিযোগের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে মো. পারভেজকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া উপজেলা প্রশাসনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তিনি ইউএনওকে উদ্দেশ করে বলেন,
“কার অনুমতিতে এসেছেন? আমার ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করতে হলে আগে আমাকে জানাতে হবে।”
জবাবে ইউএনও জানতে চান, “এটা কোন আইনে আছে?”
চেয়ারম্যান বলেন, “চেয়ারম্যানের আইনে আছে।”
এই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

পরদিন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয় এবং ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়। তবে স্থানীয়দের প্রতিবাদের মুখে সেই বদলির আদেশ পরে বাতিল করা হয়।

চেয়ারম্যান পদ ফিরে পেতে উচ্চ আদালতে রিট করেন সাইদুর রহমান ভুঁইয়া। গত ২৫ জানুয়ারি আদালত তার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। পরে রোববার স্থানীয় সরকার বিভাগ তাকে স্বপদে বহালের নির্দেশ দেয় এবং প্রশাসক নিয়োগের আদেশ বাতিল করা হয়।

একই দিনে ইউএনও মাসুদুর রহমানকে প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি হওয়ায় ঘটনাটি নতুন মোড় নেয়।
জানা গেছে, সাইদুর রহমান ভুঁইয়া কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ঘটনাটি নিয়ে প্রশাসনিক মহলে নানা আলোচনা চলছে এবং স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।