সকল খবর দেশের খবর

ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৭-৫-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫৩২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির বিষয়টি নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আগামী ১১ জুন (বুধবার) এবং ১২ জুন (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ও ঈদের সরকারি ছুটি মিলিয়ে মোট ১০ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

তবে ছুটির ভারসাম্য রক্ষায় অফিসিয়াল কার্যক্রম চালু রাখতে ঈদের আগে দুইটি শনিবার—১৭ মে ও ২৪ মে—সরকারি অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসব অফিসে সাধারণ কার্যদিবসের মতোই দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে।

প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান।

সরকারি ছুটির এ দীর্ঘ মেয়াদ সাধারণ মানুষ ও কর্মজীবীদের মাঝে স্বস্তি এনে দিলেও সংশ্লিষ্ট অফিসগুলোতে নির্ধারিত শনিবারে কাজ চালিয়ে যেতে প্রস্তুতি নিতে হবে। সরকার আশা করছে, এই ছুটির ব্যবস্থাপনার ফলে ঈদের পূর্ব ও পরবর্তী সময়ে যানজট, দুর্ভোগ এবং দাপ্তরিক বিঘ্ন অনেকটাই হ্রাস পাবে।