স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন; ২০২৬ পরবর্তী সময়ে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নিরাপত্তা জোরদার এবং যানজট নিরসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব এম. ইকবাল হোসেইন, এমপি।
এছাড়াও ময়মনসিংহ-১, ২, ৪, ৫, ৬ ও ১০ আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ যথাক্রমে জনাব সালমান ওমর রুবেল, জনাব মুহাম্মদুল্লাহ, জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জনাব মোহাম্মদ জাকির হোসেন, জনাব মোঃ কামরুল হাসান এবং জনাব মোহাম্মদ আখতারুজ্জামান সভায় উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, ময়মনসিংহ। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ এবং প্রেস ও মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে সড়ক ও মহাসড়কে যানজট নিরসন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দীর্ঘমেয়াদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড, বাজার ও জনসমাগমস্থলে পুলিশি টহল বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং অবৈধ দখল উচ্ছেদের মাধ্যমে যানজট কমানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে জেলা পর্যায়ে “নির্বাচনী ইশতেহার; ২০২৬” বাস্তবায়ন কৌশল বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি এবং এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, ময়মনসিংহ।
কর্মশালায় জেলার উন্নয়ন কার্যক্রম, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রাধিকার, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা এবং জনগণের প্রত্যাশা পূরণে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সরকারের ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।