সকল খবর দেশের খবর

সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী

হুমায়ূন কবীর ফরীদি :

প্রকাশ : ১৩-২-২০২৬ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ৯৭ হাজার ৩১৩ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন (তালা) পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট।

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহিনূর পাশা চৌধুরী (রিকশা) পেয়েছেন ১৪ হাজার ২০৩ ভোট, এবি পার্টির প্রার্থী তালহা আলম (ঈগল) পেয়েছেন ৪ হাজার ৯৩৭ ভোট, মাহফুজুর রহমান খালেদ তুষার (টেবিল ঘড়ি) পেয়েছেন ২৩৭ ভোট এবং হোসাইন আহমদ (ফুটবল) পেয়েছেন ১৭৭ ভোট।

বিজয়ী হওয়ার পর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক বার্তায় মোহাম্মদ কয়ছর আহমেদ মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করে সুনামগঞ্জ-৩ আসনের সর্বস্তরের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান। তিনি বলেন, এই বিজয় তাঁর ব্যক্তিগত নয়, বরং জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সর্বস্তরের জনগণের। তিনি ভবিষ্যতেও এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।